নলছিটিতে জবাই করে হত্যার ঘটনায় ২২ জনকে আসামী করে মামলা

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় আনিচ বিশ্বাস রুম্মানকে জবাই করে হত্যার ঘটনায় ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার রাত সারে আটটার দিকে নলছিটি থানায় ২২ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।

 

গতকাল ৩ জানুয়ারি রবিবার দপদপিয়ার বিশ্বাস বাড়ীর সম্মুখে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আনিচ বিশ্বাস রুম্মান ওই এলাকার আব্দুল ছত্তার বিশ্বাসের একমাত্র পুত্র।

 

জানা গেছে, নিহত রুম্মান টোল ঘরে ডিউটি করার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে বাড়ির সামনে বের হয়। এ সময় হঠাৎ করে কয়েকটি মটরসাইকেল যোগে ধাড়ালো দেশিও অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা এসে কিছু বুঝে উঠার আগেই রুম্মানের উপরে হামলা চালিয়ে রামদা দিয়ে জবাই করে তাকে ফেলে রেখে উল্লাস করতে করতে চলে যায়।

 

ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যার সাথে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

 

এদিকে গতকাল বিকালে এলাকাবাসী হত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুল হালিম তালুকদার বলেন, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম আসামীদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে, আসামী গ্রেফতার অভিযান অব্যহত আছে এবং মামলার তদন্ত কাজ চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *