পীরগঞ্জে বন্ধ হয়নি এমটিবি ইটভাটা, প্রশাসন নিরব

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জ্জিপাড়া কাঞ্চনপুরে অবৈধ ভাবে গড়ে উঠা এমটিবি ইটভাটা এখনো বন্ধ হয়নি। পূর্বে এই ইটভাটা এমইউএম- মেসার্স শুভ ব্রিকস নামে পরিচিত ছিল। বর্তমানে ভাটার মালিক মোয়াজ্জেম হোসেন নাম পরিবর্তন করে এই ইটভাটা চালু রেখেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটার মালিক সরকারি নির্দেশনা ও বিধিমালা না মেনেই ভাটা পরিচালনা করে আসছে। একারণে ইটভাটা বন্ধে জেলা প্রশাসনকে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পীরগঞ্জ উপজেলা (ভূমি) সহকারী কমিশনার।

 

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন এই ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বছরের ২৮ জানুয়ারী নির্দেশ দিয়েছিল রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। কিন্তু অজ্ঞাত কারণে এ ইটভাটা বন্ধে কোনো প্রকার ব্যবস্থা করেনি ইউএনও।

 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে মোয়াজ্জেম হোসেন তার শুভ ব্রিকস (এমইউএম) ভাটাটি এখন এমটিবি নামে পরিচালনা করে আসছে। অথচ এই ভাটার কোনো অনুমোদন নেই। এতে করে স্থানীয়রা দিন দিন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে।

 

গুর্জ্জিপাড়া কাঞ্চনপুর এলাকার বাসিন্দা দেবব্রত অধিকার বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা ওই ইটভাটা বন্ধে রংপুর বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু কোনো কিছুই হয়নি।

 

আমরা এই ভাটার কারণে পুরো গ্রামবাসী ক্ষতিগ্রস্ত। কৃষি জমি, চাষাবাদ ও পরিবেশ সব দিক থেকে আমরা হুমকির সম্মুখীন। প্রশাসন অবৈধ ইটভাটা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু মোয়াজ্জেমের ভাটা কেন বন্ধ করতে পারছে না। তা আমাদের বোধগম্য নয়।

 

এ ব্যাপারে জানতে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *