নজর২৪, ঢাকা- রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ এর পীর মাহবুব-এ খোদা ওরফে দেওয়ানবাগী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।
দেওয়ানবাগ শরীফের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান বলেন, সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬টা ৪৮মিনিটে তিনি মারা যান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
দেওয়ানবাগ দরবার শরিফের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি ‘দেওয়ানবাগী’ নামে পরিচিত।
১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার।
মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন।
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এর পর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।
তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়ে তোলেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব-এ খোদা। আস্তে আস্তে তার অনুসারি বাড়তে থাকে। একপর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করেন দেওয়ানবাগী।





