Home প্রধান খবর সৌদির দরজা বন্ধ, আবুধাবি থেকেই ফেরত পাঠানো হলো শতাধিক বাংলাদেশিকে

সৌদির দরজা বন্ধ, আবুধাবি থেকেই ফেরত পাঠানো হলো শতাধিক বাংলাদেশিকে

0
204

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরব সরকার হঠাৎ করে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে ফেরত আসতে হয়েছে সৌদিগামী শতাধিক বাংলাদেশি কর্মীকে।

 

ফেরত আসা ব্যক্তিদের উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতির জন্য স্থগিত থাকার পর পুনরায় বিদেশে কর্মী যাওয়া শুরু হলেও, হঠাৎ করে উড়োজাহাজ চলাচল বন্ধ করায় সেটা আবার বাধাগ্রস্ত হবে।’

 

ফেরত আসা বাংলাদেশি কর্মীরা জানান, গত ২০ ডিসেম্বর তাঁরা বাংলাদেশ থেকে ইত্তেহাদের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠনো হয়।

 

এদিকে মাত্র একদিনের ব্যবধানে দেশে ফেরত আসতে বাধ্য হওয়ায় কাজ হারানোর আশঙ্কায় ঢাকা বিমানবন্দরে পৌঁছে ভেঙে পড়েন বাংলাদেশি এসব কর্মী।

 

তাঁদের মধ্যে কুমিল্লার বাসিন্দা সাবিনা আক্তার ও তাসলিমা আক্তার জানান, তাঁরা দুই বোনসহ মানিকগঞ্জের তিনজন নারী সৌদি আরব যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে দেশে ফেরত আসতে বাধ্য হওয়ায় কী করবেন বুঝতে পারছেন না। পরে তাঁদের ব্র্যাকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়।

 

আবুধাবি বিমানবন্দর থেকে ফেরত আসাদের বর্তমানে ব্র্যাকের সেইফ হোমে রাখা হয়েছে।

 

এর আগে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে স্থল ও সমুদ্রবন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে।

 

দেশটির নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে গতকাল রোববার থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়েছে, ‘এক সপ্তাহের জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলো। বন্ধের সময়সীমা পরবর্তী সপ্তাহেও বাড়ানো হতে পারে। স্থল ও সমুদ্র বন্দরেও এক সপ্তাহ পর্যন্ত প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহেও এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here