রংপুরে চিনিকল শ্রমিকদের আধা বেলা হরতাল, মিছিলে পুলিশেল বাধা

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বন্ধ চিনিকল চালুর দাবিতে রংপুরের শ্যামপুর এলাকায় আধা বেলা হরতাল পালন করেছে চিনিকলের শ্রমিক ও আখচাষিরা। আখমাড়াই মৌসুমে শ্যামপুর চিনিকলসহ বন্ধ ছয়টি চিনিকলে মাড়াই কার্যক্রম চালুর দাবিতে বুধবার সকাল থেকে এই হরতাল পালন করে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতি।

 

বুধবার দুপুরে সুগার মিলস্ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হলে রাস্তায় যেতে বাধা দেয় পুলিশ। এরপর শ্যামপুর সুগার মিলস্ এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিক-কর্মচারীরা।

 

এসময় বক্তারা বলেন, ১৫টি চিনিকলের মধ্যে ৯টি চালু করলেও এখনো ৬টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর চিনিকল খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও সমাবেশ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা।

 

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। লোকসান কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায় করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *