ভিডিও ছাড়াই মাত্র ২৪ ঘন্টায় আজহারীর ইউটিউবে ২ লক্ষ সাবস্ক্রাইবার

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। কোনো ভিডিও ছাড়াই মাত্র ২৪ ঘন্টায় চ্যানেলটিতে ২ লক্ষের বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি।

 

এরআগে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে ইউটিউবের লিংক শেয়ার করে তা সাবসক্রাইব ও শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

 

এরপর থেকেই চ্যানেলটিতে প্রচুর সাবস্ক্রিপশন হচ্ছে। রোববার (২০ ডিসেম্বর) রাতে প্রতিবেদনটি লেখা পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লাখ ৭ হাজারের বেশি পৌঁছে যায়।

 

এদিকে আজ রাতে ‘ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল’ শিরোনামে প্রথম একটি ভিডিও আপলোড দিয়েছেন মিজানুর রহমান আজহারী। ১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নিয়মিত ভিজিট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করেছেন তিনি। সেইসঙ্গে যেকোনো সুচিন্তিত মন্তব্য কমেন্টবক্সে শেয়ার করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এর আগে গেলো ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত জানতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন মিজানুর রহমান। স্ট্যাটাস দেয়ার পর সেখানে প্রায় ৬৪ হাজার মানুষ তাদের মতামত প্রকাশ করেন যার শতভাগ-ই ইউটিউব চ্যানেল খোলার পক্ষে মত দেন। স্ট্যাটাসটি ৩ হাজার ৬’শ জন শেয়ার করে এবং ৩ লক্ষ পঞ্চান্ন হাজার লাইক রিএ্যাক্ট পড়ে।

 

এর তিনদিন পর আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। একই সঙ্গে চ্যানেলটির লক্ষ, উদ্দেশ্য এবং কি কি বিষয় থাকবে তা নিয়ে বিস্তারিত জানান মিজানুর রহমান আজহারী। নতুন বছরের শুরু থেকে এই চ্যানেলটিতে কন্টেন্ট আপলোড করা হবে।

 

বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে চ্যানেলটি মনেটাইজেশান এবং এডসেন্স করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। শুধুমাত্র ইসলামিক দা’ওয়াহ কার্যক্রম পরিচালনায় এই ইউটিউব চ্যানেলটি ব্যবহৃত হবে বলে ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

 

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পড়াশুনার উদ্দেশ্যে মালয়েশিয়ায় অবস্থান করছেন মিজানুর রহমান আজহারী। তিনি এখানকার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *