নজর২৪ ডেস্ক: স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে (৩৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বকুল শেখ পাবনা সদর উপলোর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে। তিনি দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে খুন করেছে বলে ধারণা পুলিশের।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাগো নিউজকে রাত ৮টায় জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলীয় প্রতিপক্ষের সঙ্গেই তার বিরোধ চলছিল। এরই জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে।
নিহত বকুলের নিকটাত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, শহরের অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশার চাঁদা তোলা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় অনন্ত বাজার এলাকায় বকুলকে কুপিয়ে ও গুলি করে খুন করে পালিয়ে যায়।
এদিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।
এ ঘটানার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে কাজ শুরু করেছে।
