কদিন আগে বাবা হারিয়েছেন সময়ের সেরা অলরাউন্ডারদের একজন স্টোকস। পেসার আর্চারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ভারত সফরে দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়ার আশা করছে দলটি। কাঁধের চোটে ছিটকে পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপ। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ররি বার্নস।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তারকা অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চারকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ররি বার্নসও।
১৪ জানুয়ারি গলে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে। এই সিরিজটি হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনার কারণে তখন বাধ্য হয়েই স্থগিত করতে হয় এটি।
করোনার কারণে অনেক খেলায় মাঠে দর্শক ফিরলেও এই সিরিজে অবশ্য ‘ক্লোজ ডোর’ ম্যাচই অনুুষ্ঠিত হবে। খেলা হবে বায়ো-বাবল রক্ষা করে। ১৬ জনের ইংল্যান্ড মূল দলের সঙ্গে ৭ জন রিজার্ভ খেলোয়াড় বিমানে উঠবেন ইংল্যান্ডের।
ইসিবি শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে সাত জনকে। কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকায়।
শ্রীলঙ্কা সফর শেষ করে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ইংল্যান্ড। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট। ওই সিরিজে ফিরবেন আর্চার-স্টোকস।
ইংল্যান্ডের টেস্ট দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোনাথান বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কুরান, বেন ফকস, ডেন লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।
