বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক- প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী ও পুরুষদের তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সংস্থা ফোর্বস৷ সেই তালিকায় জায়গা পান সাধারণত বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য ব্যক্তিত্বরা৷

 

২০২০ সালে ফোর্বস বিশ্বের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩৯তম স্থানে রাখা হয়েছে।

 

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসন জিতে নিয়ে টানা তৃতীয়বারের মত সরকারের দায়িত্ব নেয় তার দল আওয়ামী লীগ।

 

ফোর্বস লিখেছে, এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। “শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে,” লিখেছে ফোর্বস।

 

মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের এই বার্ষিক তালিকায় এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়। বয়স, জাতীয়তা কিংবা কাজের ধরনে পার্থক্য থাকতে পরে, কিন্তু তারা সবাই তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন ২০২০ সালের মৌলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্য নিয়ে।

 

এ বছর ক্ষমতাধর ১০০ নারীর প্রথম জন হলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি এই নিয়ে টানা দশবার এই অবস্থান অর্জন করেছেন।

 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন, তাও তৃতীয় হয়ে! এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে।

 

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন সপ্তম স্থানে। কমালা সহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *