করোনায় আরটিভির সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার (৫ডিসেম্বর) মৃত্যুর কাছে হার মানলেন আরটিভির স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেন (৪৬)। আজ ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

সুকান্ত সেনের স্ত্রী স্বপ্না সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুকান্ত সেনের মৃত্যু হয়েছে।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

গত ২২ নভেম্বর সাংবাদিক সুকান্ত সেনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ নভেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সুকান্ত সেন মৃত্যুর আগ পর্যন্ত বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক যুগের কথার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক দেশবাংলা ও বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

 

এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক, উদীচীর নির্বাহী সদস্য, রোটারী ক্লাবের সদস্যসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

 

তার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও শাহজাদপুর প্রেসক্লাবের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিনের শোক ঘোষনা করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *