বিনোদন ডেস্ক- করোনায় আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তিনি নন, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ তার শ্বশুরবাড়ির সবাই এই ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী নিজে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সস্ত্রীক হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’
এদিকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরনো। করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর প্রেম করার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌসিফ-জারা। পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
র্যাম্পের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন তৌসিফ। এরপর ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন তিনি।
২০১৩ সালে রাজিব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।
