নজর২৪, ঢাকা- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।
এর আগে ১৪ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধ-র্ষ-ণে-র সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।
