নজর২৪, ঢাকা- আমরা কারও কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আসেনি। আমরা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন করছি, এটা প্রমাণ করতে পারলে ‘কথা দিলাম রাজনীতি ছেড়ে দেবো’।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে এসব মন্তব্য করেন ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর।
যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ভাষানী অনুসারি পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্র চিন্তা ও গণ সংহতি পরিষদ।
নুরুল হক নুর বলেন, আজ কেউ রাস্তায় নামলেই বলা হয় জামায়াত-শিবির। পাঁচজন এক জায়গায় অবস্থান করলে বলা হয় নাশকতামূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুবলীগ, ছাত্রলীগ হামলা করছে, পুলিশ হয়রানি করছে। সরকার দেশকে বিভাজিত করতে সাম্প্রদায়িকতাকে ইস্যু করছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।
তিনি বলেন, সরকার দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে চায়, আমরা এটা হতে দেবো না। মাদ্রাসা ছাত্রদের জঙ্গি তকমা লাগিয়ে অ্যাম্বাসিগুলোতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আমরা প্রতিবেশি কোনো দেশের তাবেদার হতে পারি না। চীন, ভারত, পাকিস্তান যেই হোক দেশকে ব্যর্থ করতে এলে আমরা আন্দোলন করবো, তাদের চেষ্টা রুখে দেবো।
এ সময় মওলানা ভাসানীর স্মরণে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকার দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আছে। তরুণরাই এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে।
গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খাঁন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, ভাসানী অনুসারী পরিষদের বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরসহ অনেকে।
