বছরের শুরুতেই সুখবর দিলেন সাইমন-শিরিন শিলা

নতুন বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আসছে ‘শেষ বাজি’। সিনেমাটিতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা শিরিন শিলা জুটি বেঁধেছেন।

আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে জানান এর নির্মাতা মেহেদী হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।

সিনেমাটি নিয়ে শিরিন শিলা বলেন, ‘শেষ বাজি’ এত চমৎকার গল্পের একটি সিনেমা যে সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি তার মধ্যে এই সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে ‘শেষ বাজি’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা।

এ সিনেমার প্রসঙ্গে অভিনেতা সাইমন সাদিক বলেন, ‘এখন তো সিনেমার গল্পের সময় বদলেছে। দর্শক পর্দায় ভিন্ন আভাস চায়। এই সিনেমার গল্পটিও তেমন। কাজটি যত্ন ও সময় নিয়ে করেছি। বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *