রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৫। শনিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো ঢাকা কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।
ঢাকা ছাড়াও গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, কুষ্টিয়া, সিলেটসহ আরও বেশকিছু জেলা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।
