আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দুইদিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের রুমে বৈঠক করেন। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন।
জানা গেছে, ক্রিকেটার সাকিব সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান।
নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে ফরম বিক্রির প্রথম দিন শনিবার এসব আসনের মনোনয়ন ফরম কেনেন তার এক স্বজন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ।
