Home বিনোদন গাজীপুরে আগুন দেওয়া সেই কারখানা নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

গাজীপুরে আগুন দেওয়া সেই কারখানা নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

0
96

গাজীপুরের কোনাবাড়ীতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেয়া কারখানাটি ব্যবসায়ী এবং ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয়। এদিন রাত ৯টায় সংবাদমাধ্যমকে নায়ক নিজেই নিশ্চিত করেন বিষয়টি।

এদিন সন্ধ্যায় দেশের কয়েকটি সংবাদমাধ্যম ‘গাজীপুরে অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যা দৃষ্টি এড়ায়নি ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়কের। কারখানাটি তার না হওয়ায় বিষয়টি নিয়ে বার্তা দেন তিনি। আর জানান―আগুন লাগা কারখানাটি তার নয়।

অনন্ত জলিল বলেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি। অনন্ত বলেন, ‘এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মত সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন।’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here