ফুলবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আমন ক্ষেতে ধানের চারা রোপণকালে বজ্রপাতে বিধান চন্দ্র রায় (৩০) নামের এক কৃষিশ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের মামা কৃষিশ্রমিক উৎপল চন্দ্র রায় (৩৫)। তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামের ফসলি জমিতে। নিহত কৃষিশ্রমিক বিধান চন্দ্র রায় লক্ষ্মীপুর গ্রামের মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে এবং আহত কৃষিশ্রমিক উৎপল চন্দ্র রায় একই গ্রামের শচিন চন্দ্র রায়ের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। বিষয়টি নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আহত উৎপল চন্দ্র রায় বলেন, সোমবার (৭ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই ১১ জনের একটি কৃষিশ্রমিক দল নিয়ে লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামে একটি ফসলি জমিতে আমন ধানের চারা রোপণের কাজ শুরু করেন। তিনি এবং তার ভাগ্নে বিধান চন্দ্র রায় পেছনের সারিতে ধান চারা রোপণ কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের আঘাতে উৎপল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায় দুইজনে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বিধান চন্দ্র রায়ের মৃত্যু হয় এবং আহত উৎপল চন্দ্র রায়কে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অন্য কৃষিশ্রমিকরা অক্ষত রয়েছেন।

এদিকে বজ্রপাতে হতাহতের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের জন্য নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ব্যপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল্বলেন, বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারকে ২৫ হাজার টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *