‘SORRY’ নিয়ে বরিশাল নগরজুড়ে কৌতুহল!

নজর২৪ ডেস্ক- বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানার সামনের সড়ক থেকে শুরু করে বিভিন্ন সড়কে বড় অক্ষরে লেখা ‘SORRY’. শব্দটি নিয়ে কৌতুহলের যেন শেষ নেই। কে লিখেছে, কী কারণে লিখেছে, এ অর্থ খুঁজছে কিছু উৎসুক নগরবাসী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সংবাদকর্মীরাও এ অর্থ খুঁজতে শুরু করেছেন। তবে যেটুকু জানা গেছে, কোন এক প্রেমিক তার প্রেমিকার রাগ ভাঙাতে এ পন্থা অবলম্বন করেছেন। তবে এর সত্যতা পাওয়া যায়নি সেভাবে।

 

বরিশাল নগরী থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকের সিনিয়র ফটো সাংবাদিক জুয়েল রানা বলেন, মঙ্গলবার রাতে প্রথমে থানার সামনে লাইন রোড সড়কে তিনি লেখাটি দেখেন। এরপর স্বরোড ও চকবাজার পুলেও এমন লেখা দেখতে পান।

 

পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন লোকের সাথে যোগোযোগ করে তিনি জানতে পারেন, নগরীর জিয়া সড়ক এবং দেয়ালেও এ ধরণের লেখা রয়েছে। সাদা স্প্রে রং দিয়ে ওই ‘SORRY’ শব্দটি লেখা হয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগ লেখা মুছেও গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের বদৌলতে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় মানুষের কৌতুহলের যেন শেষ নেই।

 

এদিকে ফেসবুকে ‘SORRY’ লেখা ভাইরাল ছবি যুক্ত করে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে। একজন লিখেছেন, ‘বরিশালে কোন এক ক্রেজি লাভারের কাজ, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য সে জিয়া সড়ক একতা সরণী থেকে সরি লেখা শুরু করেছে। এ সরি সদর রোড পর্যন্ত দেখা গেছে। এই সরির শেষ কোথায় হইছে জানা নেই। কে কার জন্য লিখেছে সেটাও কেউ জানে না। রাগ করে যেন কারো প্রিয় মানুষ হারিয়ে না যায়। দোয়া রইল, পূর্ণতা পাক তার ভালোবাসা।’

 

এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদা বলেন, একজন ব্যক্তির ইমোশনের জায়গা থেকে বিষয়টি লেখা হয়েছে বলে আমি জেনেছি। তবে তা নাগরিক সমাজে আনা ঠিক হয়নি। নাগরিক সমাজে আসায় বিষয়টি নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে।

 

আর যাতে এ ধরণের ঘটনা না ঘটে, এজন্য অভিযুক্তকে শনাক্ত করা প্রয়োজন। তা না হলে এভাবে আরো বড় ধরনের কৌতুহল সৃষ্টির মতো কাজ হওয়ার আশঙ্কা থাকবে বলে মনে করে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *