তিক্ত অতীত ভুলে আবারও সংসার করবেন শাকিব-অপু বিশ্বাস?

কয়েক বছর আগেও সাবেক স্বামী ও অভিনেতা শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ করতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তবে সময়ের পরিক্রমায় সেসব এখন অতীত এবং নায়িকার ভোলও যেন পাল্টে গেছে। চলতি বছর বিভিন্ন ইস্যুতে সাবেক স্বামীকে নিয়ে বেশ ইতিবাচক কথা বলছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

কয়েকদিন আগেই ঈদে অপু বিশ্বাসের প্রযোজনায় এবং অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি অপু-জয় প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করা হয়েছে। সরকারি অনুদানের এই সিনেমায় নিজের ছেলের নাম জড়িয়ে থাকায় অন্যরকম আবেগ কাজ করছে বলে জানিয়েছেন নায়ক।

সোশ্যালে ‘লাল শাড়ি’ সিনেমার প্রতি শুভ কামনা জানিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বানও জানান নায়ক। আর সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।’

এছাড়াও এ নায়িকা সংবাদমাধ্যমকে জানান, সিনেমাটি নির্মাণের সময় কিছুটা আর্থিক সংকটে পড়েছিলেন তিনি। বিষয়টি সাবেক স্বামীকে জানানোর পর আর্থিক সহযোগিতা করেছিলেন। আরও বলেছিলেন, আগে আউটডোর শুটিং শেষ করো।

এবার ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে।

সাবেক স্বামী যখন অভিনেত্রীর ‘লাল শাড়ি’ সিনেমা দেখার জন্য দর্শকদের আহ্বান করছেন, সেই সময় অপু বিশ্বাসও শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা দেখার কথা বলেন দর্শকদের।

এদিকে, শাকিব খান যখন অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং অপু বিশ্বাস যখন নায়কের ‘প্রিয়তমা’ সিনেমা দেখার কথা বলছেন, সেই সময় ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে ইন্ডাস্ট্রির অনেকে প্রশ্ন তুলেছেন—তিক্ত অতীত ভুলে কি আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু? আবার কেউ কেউ বলছেন, নায়কের পরিবারের সঙ্গে নাকি অভিনেত্রীর সম্পর্ক আগের থেকে দৃঢ় হয়েছে। তবে এ ব্যাপারে এখনো শাকিব-অপুর কাউকে মন্তব্য করতে দেখা যায়নি।

অন্যদিকে কয়েক মাস আগে ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন, প্রায়ই শাকিবের সঙ্গে কথা হয় তার। ব্যক্তিগত ছাড়াও কাজ নিয়ে পরামর্শ নিয়ে থাকেন নায়কের কাছ থেকে।

এছাড়া বিচ্ছেদ কাটিয়ে ফের এক হওয়া প্রসঙ্গে বলেছিলেন, এখনই বলব না সেটা, সময় বলে দেবে। আগে কী হয়েছে না হয়েছে তা আমি জানি না। তবে এখন অনেক পরিবর্তন লক্ষ্য করছি তার মাঝে। সন্তান ও পরিবারের প্রতি বেশ আবেগ কাজ করে তার। সে একজন ভালো মনের মানুষ।

তবে সম্প্রতি তাদের এসব বক্তব্যে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে প্রশ্ন ঠিকই থেকে যাচ্ছে, তাহলে কি ফের এক হতে হচ্ছেন শাকিব-অপু বিশ্বাস?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *