ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের হাত ধরে সিনেমায় অভিষেক হয়েছিলো বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। পর্দায় অভিষেকের পর ঈদে মুক্তি পাওয়া শাকিবের প্রায় সিনেমায় ছিলেন বুবলী। এমনকি গত রোজার ঈদেও তাদের জুটির সিনেমা মুক্তি পেয়েছিল। তবে এবার ব্যতিক্রম।
আসন্ন কোরবানির ঈদেও দুজনের তিনটি করে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তবে একটিতেও তাদের জুটি বাঁধা হয়নি। আর এ জন্য আসন্ন ঈদে শাকিবকে মিস করবেন বুবলী। শুক্রবার (২৩ জুন) মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাসিনো’ সিনেমার প্রেস মিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন বুবলী।
শবনম ইয়াসমিন বুবলী বলেন, ‘এটা তো আমাদের প্রফেশন। দিনশেষে সবাই আমরা সহশিল্পী। ওই জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে।
এ ছাড়া নিরব ভাই তো বললেন, এ সিনেমায় আমাকে নেওয়ার ব্যাপারে তিনি শাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। ওই জায়গা থেকে আমি যেখানেই কাজ করি বা করছি তার (শাকিব খান) আশীর্বাদ তো থাকছেই।
শাকিব খানকে মিস করবেন স্বীকার করে বলেন, ‘আর মিস করার ব্যাপারটা থাকবেই। সততার সঙ্গে বলছি, অবশ্যই মিস করব। কেননা তিনি আমার প্রথম নায়ক।
একসময় দুইটা সিনেমা মুক্তি পেয়েছিল তার সঙ্গে। তবে মিসিংটা একটু কমে গেছে। যেহেতু এবার ঈদে তিনি তার সিনেমা নিয়ে থাকছেন।’
এ সময় বুবলী শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করে কথা বলেন। সিনেমাটির শুরুর পরিকল্পনা ও নামকরণ নিয়ে স্মৃতিচারণা করেন। এতে তার কাজ করার কথা ছিল বলেও জানালেন। বললেন, এর সব কিছু তো আমার জানা। এই সিনেমার সঙ্গে শুরু থেকেই ছিলাম। যেহেতু আমার কাজ করার কথা ছিল। আমি জানি সিনেমাটি ভালো হবে।
ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে একটি ‘ক্যাসিনো’। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। অন্যটি ‘প্রহেলিকা’। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ।
উল্লেখ্য, মুক্তি প্রতীক্ষিত প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এর গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ।
