নজর২৪ ডেস্ক- স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করতে প্রবাসীদের তথ্য সংগ্রহে ১০০ কোটি টাকা ব্যয়ে ৪০টি দেশ সফরে যাবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক এটির অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্প অনুমোদন পায়। সেটির আওতায় ইসি কর্মকর্তাদের এই সফর।
তথ্যটি নিশ্চিত করে বৈঠক শেষে গণমাধ্যমকে পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ বলেন, বিদেশে সেবা পাওয়া আরো সহজতর করার লক্ষ্যে আইডিইএ প্রকল্পের আওতায় প্রবাসীদের স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা ৪০টি দেশে গিয়ে প্রাবাসীদের তথ্য সংগ্রহ করবেন। এরপর দেশে ফিরে আসবেন এবং পরবর্তীতে প্রবাসীদের ঠিকানায় সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস স্মার্ট এনআইডি কার্ড পৌঁছে দেবে। প্রকল্পের আওতায় ১৪ বছরের বেশি বয়সী সকলেই এ সুবিধা পাবে, যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বয়স ১৪ বছরের বেশি হবে এমন ১৭ কোটি ৭৩ লাখের বেশি নাগরিককে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হবে।
সুরক্ষিত, নির্ভুল ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ২০১১ সালে আইডিইএ প্রকল্পের প্রথম পর্ব শুরু হয়। প্রকল্পের প্রথম পর্যায় শেষ করতে কমিশন চার বার সময়সীমা বাড়িয়েছে। ফলে বেড়ে গেছে প্রকল্পের খরচ। চার বারের মতো বর্ধিত সময়সীমা আগামী মাসে শেষ হবে। এক হাজার ৩৭৯ কোটি টাকা থেকে বেড়ে এই প্রকল্পের প্রথম পর্যায়ের খরচ দাঁড়িয়েছে এক হাজার ৬৯৬ কোটি টাকা।
প্রথম পর্বে উপজেলা পর্যায়ে প্রায় নয় কোটি ভোটারকে এনআইডি কার্ড দেওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
