দরজার কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কবে পবিত্র কুরবানীর ঈদ পালিত হতে পারে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা জানিয়েছেন বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবী বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে।
খালিজ টাইমমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।
তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন।
জিলহজ মাসের প্রথম দিন ও পবিত্র ঈদুল আজহা পালনে মুসলিম দেশগুলো মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। প্রত্যেকটি দেশেই এজন্য আলাদা কমিটি রয়েছে।
এই দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার কিছু দেশ।
কিন্তু ১৮ জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষেই চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তাদের মধ্যে কিছু দেশ ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে ২৯ জুন।
