ছোট ও বড়পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া এবার ওটিটি মাতাতে আসছেন। “আন্তঃনগর” নামে একটি ওয়েব সিনেমা নিয়ে আগামীকাল ৮ জুন দর্শকের সামনে হাজির হবেন তিনি।
চরকিতে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল মণ্ডল, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজসহ অনেকেই। সিনেমাটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী।
এই নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেওয়া কিছু গল্পের সমাহার ‘আন্তঃনগর’।
এ সিরিজে শবনম ফারিয়া অভিনয় করেছেন মৌসুমী নামের এক পার্লার কর্মীর চরিত্রে। ফারিয়া থেকে মৌসুমী হয়ে ওঠার সফরটি কেমন ছিল– জানতে চাইলে তিনি বলেন, ‘দৃশ্যধারণের তিন মাস আগে নির্মাতা গৌতম কৌরি আমাকে গল্প ও চরিত্র সম্পর্কে জানিয়েছিলন। সবকিছু পছন্দ হওয়ায় অভিনয়ে আগ্রহ জন্মেছে। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। আমাদেরই সহকর্মী অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়ার বিউটি পার্লার আছে। তাঁর পার্লারে গিয়ে পার্লারকর্মীর চরিত্রটি আত্মস্থ করার চেষ্টা করেছি। এটিই আমাকে চরিত্রটি রূপায়ণ করতে বেশ সহযোগিতা করেছে। আমরা মনে করি, আমাদের জীবনেই যত সমস্যা। অন্যের জীবনযাপন খুব সোজা। সবার কোনো সমস্যা নেই। প্রতিটি মানুষের নিজস্ব কিছু সমস্যা থাকে। এ বিষয়গুলো উঠে এসেছে ছবিতে। এই সহজ বিষয়গুলো তুলে আনা একটু কঠিনই ছিল’।
ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত দেন। পাশাপাশি তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্যকারীকেও ছেড়ে কথা বলেন না এই তারকা অভিনয়শিল্পী। এ নিয়ে তাঁর ভাষ্য– ‘যে বিষয়গুলো আমার ভালো লাগে না, তা নিয়ে সরাসরি কথা বলতে পছন্দ করি। যাঁরা কথা বলেন না তাঁরা সবার প্রিয় হতে চান। একজন সাধারণ মানুষ হিসেবে নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে সমাজের নানা অসংগতি নিয়ে কিছু কথা বলা দরকার বলে আমি মনে করি। সবাই যদি সবকিছু চুপ করে শুনতে থাকেন তাহলে তো হবে না। দু’চারজনকে তো কথা বলতে হবে।’
অভিনয়ের চেয়ে এখন পড়ালেখা নিয়েই ব্যস্ত ফারিয়া। এ কারণে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না। ঈদের নাটকে তাঁকে খুব একটা পাওয়া যাবে না। ফারিয়া বলেন, ‘আমার মাস্টার্স পরীক্ষার বাকি চার মাস। এ কারণে পড়ার চাপ বেশি। ইন্টার্নশিপও শুরু হচ্ছে। ইচ্ছা থাকলেও কাজ করতে পারছি না। পড়ালেখা শেষ হলে আবার পুরোদমে কাজে ফিরব।’





