সন্তান হওয়ার ১২ দিন পরই আমি স্টেজে উঠেছি: আঁখি আলমগীর

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়েই তার ব্যস্ততা বেশি। নতুন গানও করছেন নিয়মিত। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

মডেলিং ও উপস্থাপনায়ও আপনি সমানভাবে জনপ্রিয় কিন্তু নিয়মিত নন কেন?

আসলে উপস্থাপনা করেছি হঠাৎ হঠাৎ। বিশেষ দিন ভিত্তিক উপস্থাপনা করেছি যেমন ঈদের অনুষ্ঠান। স্টার বক্স, পাওয়ার ভয়েস ঈত্যাদি করেছি। এরকম কিছু হলে আমি করে থাকি নয়তো আগ্রহ বোধ করি না। আর মডেলিং সর্বশেষ করলাম আমি, বাবা, ফেরদৌস, রুনা আন্টি, লাবিবা মিলে রংধনু গ্রুপের বিগ বাজেটের কমার্শিয়াল একটা কাজ।

বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রিতে সুদিন ফিরছে বলে মনে করেন?

শুধু মিউজিক ইন্ডাস্ট্রি নয়, এখন আসলে সব কিছুতেই একটা পরিবর্তন আসছে। দেশে অর্থনৈতিক অবকাঠামো যখন পরিবর্তিত হতে থাকে, তখন মিউজিক ইন্ডাস্ট্রিসহ সব ইন্ডাস্ট্রিতেই একটা রদবদল হয়। এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। এখন যেহেতু ইউটিউবনির্ভর তাই যে কোনো শিল্পী উঠে আসতে পারছে যদি গানটা ভালো হয়। আর খারাপ দিকটা হচ্ছে একটা সস্তামানের গানও ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে ভালো শিল্পীর সঙ্গে একটা অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে। প্রকৃত শিল্পীরা ভিউ নিয়ে চিন্তিত হয় না। আমি মনে করি প্রকৃত শিল্পীদের ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ভিউ কখনো ভালো গানের মানদণ্ড হতে পারে না। কখন কোন গান কী কারণে ভিউ হবে এটা কেউ বলতে পারে না। ভিউর ওপর নির্ভর করে ভালো গান খারাপ গান আলাদা করা যাবে না।

চলচ্চিত্রের গানের কী খবর?

বেশ কয়েকটা কাজের কথা চলছে। আমি এখন যে কোনো গান গাইতে চাই না। ৩০ বছর ধরে গান নিয়ে সমানভাবে ব্যস্ত আছি। এর বাইরে আসলে আমি কিছুই করিনি। এই ৩০ বছর আমার কোনো ছুটি নেই। আমার সন্তান হওয়ার ১২ দিন পর আমি স্টেজে উঠেছি। শুধু তাই নয়, আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও গান করেছি। আমি ভীষণ অ্যাক্টিভ এবং এনার্জিটিক একজন মানুষ। গানে ফাঁকি দেওয়ার কোনো অজুহাত বানাইনি।

* গান প্রচারের ক্ষেত্রে অতীত ও বর্তমান নিয়ে কিছু বলার আছে কী?

** এক সময় এক বাড়িতে বড় সাউন্ড বক্সে এমনকি বিশেষ কোনো উৎসবে মাইকেও গান বাজানো হতো। এতে করে দূরের মানুষগুলো গান শুনতে পেতেন। এখন এটি আর দেখা যায় না। সেজন্য হয়তো গানের প্রচার সঠিকভাবে হচ্ছে না। এটি হয়তো যুগের চাহিদা। এর ফলাফল কেমন সবাই বুঝতে পারছেন। তবে আমি মনে করি সব ঠিক হয়ে যাবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সবার চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *