মনের ভেতরে ভয় কাজ করছে: রোজিনা

সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ইতিপূর্বে এই অভিনেত্রী প্রযোজনা করেছেন বেশকিছু সিনেমা। এই প্রথমবারের মতো তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নিয়ে। আগামী ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ ছবি ও অন্যান্য বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রোজিনা। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

মুক্তি পাচ্ছে আপনার প্রথম পরিচালিত ছবি ‘ফিরে দেখা’, অনুভূতি কেমন?
মনের ভেতরে অনেক ভয় কাজ করছে। যখন দর্শক-ভক্তরা ছবিটি দেখে বলবে, ‘হ্যাঁ, ছবিটি সুন্দর হয়েছে’। তখনই সেই ভয় কাটবে। আর আগামীতে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাব।

ছবিটির মাধ্যমে দর্শকদের কী মেসেজ দিতে চান?

আমি তরুণ প্রজন্মকে অনুরোধ করব পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ছবিটি দেখার। এ ছবিতে আপনারা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা দেখতে পাবেন। জানতে পারবেন মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গল্প।

প্রথম নির্মাণে কতটা সফলতা পাবেন বলে মনে করেন?

এর বিচার তো আপনারা ও দর্শকরা করবেন। অভিনয় ক্যারিয়ারে অনেক যুগ কাটিয়েছি। এত বছর পর নির্মাণ করার সাহস দেখিয়েছি। আমি নিজের শতভাগ দিয়ে কাজটি করেছি। কোথাও কমতি রাখিনি। প্রতিটি মানুষ তো আর শতভাগ পরিপূর্ণ নয়। প্রথম ছবিতে ভুল থাকতে পারে। তবে আমার ছবি যারা দেখেছেন (সেন্সর বোর্ডের সদস্যরা) তারাই প্রশংসা করেছেন। তারপরও কিন্তু আমি সন্তুষ্ট নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *