নানা সময়ে প্রেম ও নারী বিষয়ক মন্তব্য করা নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। এই নায়কের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আলোচনা-সমালোচনা।
এই নায়কের প্রেম এবং নারী বিষয়ক মন্তব্যের জেরে অনেক সময় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন জায়েদ খান? আশানুরূপ কোনো তথ্য জানান না তিনি। বরং এড়িয়ে যান।
এবার বিয়ে না করার আসল কারণ জানালেন জায়েদ খান। অন্য কোনো কারণ নয়, মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্য মালবদল করছেন না তিনি।
তার কথায়, ‘বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম। এ জন্য একটু সময় নিচ্ছি। বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে আমি জানি। ইনবক্সে (ফেসবুক মেসেঞ্জার) সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করবেন না।’
তিনি আরও জানান, চারপাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকেন। তাদের সৌন্দর্য উপভোগ করতে আনন্দ পান। জায়েদ বলেন, ‘আর আমার চোখ শুধু ঘোরে। সুন্দরী দেখলে ভালো লাগে, তাকাই। ঠিক আছে এই সৌন্দর্য-প্রিয়তা চলতে থাকুক। যখন আল্লাহ যখন লিখে রেখেছেন, তখন বিয়ে হবে। আপনাদের জানিয়ে ঘটা করেই বিয়ে করব।’
কিছুদিন আগে জায়েদ দাবি করেছিলেন, তার জন্য মেয়েরা পাগল! এমনকি, টাকার বিনিময়ে সময় কিনে নিয়ে তার সঙ্গে একান্তে সময় কাটাতে চান এক তরুণী।
