শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো: দর্শনা বণিক

বলিউড, ঢালিউড ও টালিগঞ্জে সমান জনপ্রিয় ভারতের অভিনেত্রী দর্শনা বণিক। তিন ইন্ডাস্ট্রিতেই কাজের মাধ্যমে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। কলকাতার এই অভিনেত্রী আবারও জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই শোবিজের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এর আগে তিনি শাকিবের সঙ্গে “অন্তরাত্মা” নামে একটি সিনেমায় কাজ করেছেন।

মঙ্গলবার (৩০ মে) ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নুসরাত জাহান, শুভশ্রী, দর্শনার সঙ্গে শাকিবের জুটিকে এর আগে ভালোভাবে গ্রহণ করেছে দর্শকেরা। ঢাকার শীর্ষস্থানীয় এই নায়কের সঙ্গে কাজ করতে কলকাতার অভিনেত্রীরা মুখিয়ে থাকেন। এবার আবারও তার নায়িকা হওয়ার কথা জানিয়েছেন দর্শনা বণিক।

আরও বলা হয়েছে, কিছু দিন আগে বাংলাদেশের অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শনা। শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। তবে সরাসরি কিছু বলেননি তিনি। শোনা গেছে, তিনি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে যাবেন।

সম্প্রতি শাকিবকে নিয়ে তার প্রশংসা করায় এ গুঞ্জনে আরও হাওয়া বইছে। কলকাতার জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় সম্প্রতি অংশ নিয়েছিলেন দর্শনা বণিক। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী।

ইদানীং কি টালিগঞ্জের থেকে ঢাকার চলচ্চিত্রে বেশি গুরুত্ব পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে দর্শনা বলেন, ‘এখানেও অনেক কাজ করছি। টালিগঞ্জের কাজের জন্যই তো বাইরে বিভিন্ন কাজের সুযোগ আসছে। দুই বাংলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’

শাকিব খানের বিপরীতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইলে কলকাতার এ অভিনেত্রী বলেন, ‘খুবই ভালো অভিজ্ঞতা। শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনো মনে হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *