ঢাকাই সিনেমার ‘রাজপুত্র’ শাকিব খান। প্রয়াত নায়ক মান্না পরবর্তী দীর্ঘ সময় রাজত্ব করছেন তিনি। বিগত এক যুগের খতিয়ান ঘেঁটে দেখলে এই ফলাফল খুব স্পষ্ট হয়ে যায়। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করেছেন তিনি। ছবি মুক্তির জন্য দর্শকের তুমুল আগ্রহ কিংবা সিনেমা হলের সামনে দর্শকের ভিড় লেগে থাকে তার সিনেমার জন্য।
১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল শাকিব খান ও ইরিন জামান অভিনীত ‘অনন্ত ভালোবাসা’ ছবিটি। দুজনই ছিল নবাগত। ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। ব্যবসাসফল হয়েছিল ‘অনন্ত ভালোবাসা’। প্রশংসা কুড়িয়েছিলেন শাকিব-ইরিন জুটিও। ইরিন হারিয়ে গেলেও পেছন ফিরে তাকাতে হয়নি শাকিব খানকে।
তবে দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এবং পরে শবনম বুবলীকে গোপনে বিয়ে করে কম সমালোচিত হননি ঢালিউড সুপারস্টার। দুই ছেলে আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের জন্মও হয় গোপনে। বিতর্ক হয় তা নিয়েও। যদিও নায়কের দাবি, নাম খারাপ করার জন্য কিছু লোক তার পেছনে লেগেছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত।
একই দাবি করেন কিং খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। তাদেরই একজন নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে ‘আগুন’ নামে একটি ছবিতে কাজ করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। শাকিব খানের ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সেই মিতু। জানিয়েছেন অভিনন্দন।
শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফেসবুকে নিজের আইডিতে সহ-অভিনেতার উদ্দেশ্যে মিতু লিখেছেন, আজ নাকি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৪ বছর পার হলো, অথচ তাকে দেখতেই ২৪ বছরের যুবক মনে হয়। আমাদের মেগাস্টারকে অনেক অভিনন্দন। আপনি এর চেয়ে অনেক বেশি প্রাপ্য।
অন্যদিকে ভেরিফাইড ফেসবুক পেজে শাকিবকে নিয়ে লিখেছেন, ‘শূন্য থেকে শুরু করে রাজত্ব কায়েম করা সবার ভাগ্যে থাকে না। ভাগ্য আপনাকে দু’হাত ভরে সবকিছু দিয়েছে। মানুষের অগণিত ভালোবাসা আপনার পক্ষে। দীর্ঘ ২৪ বছরের পথচলায় কত ঝড় পাড়ি দিয়েছেন তার নিরব সাক্ষী পুরো বাংলাদেশ।’
মিতু আরও লিখেছেন, ‘ভাগ্য যার সুপ্রসন্ন তাকে কেউ আটকাটে পারে না। স্বয়ং আল্লাহ যাকে দেন, তার থেকে কেউ কেড়ে নিতে পারে না। এই পথচলা হোক আরও মসৃণ, আরও সুদীর্ঘ। অভিনন্দন আপনাকে।’ শেষে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।
