কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি জানিয়েছিলেন, দুই ছেলেকে নিয়ে তার অভিনীত ‘মা’ সিনেমা দেখতে চান তিনি। ‘মা’ সিনেমাটি শুক্রবার (২৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনই দুই ছেলেকে নিয়ে সিনেমাটি দেখলেন চিত্রনায়িকা পরীমণি।
শুক্রবার ছুটির দিনে রাজধানী ঢাকার মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে দর্শকের সঙ্গে সিনেমা দেখেন পরীমণি। এ সময় তার সঙ্গে ছোট্ট সন্তান রাজ্যসহ পর্দার ছেলে সঙ্গী ছিলেন।
এদিন পরীমণি জানান, তিনি দুই সন্তান ছাড়া সিনেমাটি দেখতে চাননি। হলের ভেতরে প্রচুর দর্শক থাকায় ভেতরে বেশিক্ষণ অবস্থান করেননি। শিশু সন্তানরা চিৎকার কিংবা কান্নাকাটি করে থাকে বলে আভাস দিলেন। এছাড়া শুরুতে দুই ছেলে তার সঙ্গী হলেও পরে অবশ্য একাই সিনেমাটি উপভোগ করেন তিনি।
এ চিত্রনায়িকা বলেন, আজকে আমরা যারা ফ্যামিলি নিয়ে এসেছি সবাই নিজেদের মতো করে সিনেমাটি দেখতে চাই। সবার সঙ্গেই তো শিশু সন্তান রয়েছে। আমার ছেলে, কো-আর্টিস্টের সন্তান, পর্দায় যে সন্তানের মা হয়েছি সে সন্তানও রয়েছে। এছাড়া সিনেমার টিমের সদস্যদেরও অনেকে স্ত্রী-সন্তানসহ এসেছেন।
উল্লেখ্য ‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।
ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে। ৭৬তম কান উত্সবের মার্শে দ্যু ফিল্মে (উত্সবের বাণিজ্যিক শাখা) গত ২০ মে ছবিটির প্রিমিয়ার হয়। সেখানে বিভিন্ন দেশের দর্শক এটি দেখে প্রশংসা করেন।
