সুখবর দিলেন অপু বিশ্বাস

নায়িকা হিসেবে ৮০টির মতো সিনেমা করে নিজেকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে।

জনপ্রিয় এই নায়িকা জানিয়েছেন, শিগগিরই ছবিটির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি দেওয়া হবে।

গত অর্থবছর সরকারি অনুদান পেয়েছে ‘লাল শাড়ি’। এর সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস। ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সঙ্গে আছেন সাইমন সাদিক।

নায়িকা হিসেবে বহু ব্যবসাসফল ছবি উপহার দেওয়া অপু বিশ্বাস বলেন, রোজার ঈদে সেন্সর হয়নি বিধায় মুক্তি দিতে পারিনি। চেষ্টা করছি কদিনের মধ্যেই সেন্সর করাব। আগামী কোরবানির ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি পাবে।

‘শুরু থেকে প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে এতে কখনো নিজেকে প্রযোজক অনুভব করিনি। টিমে যাঁরা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। সবাই মিলে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। আমি চাইব, এই ভালো কাজটি যেন দর্শক ভালোভাবে গ্রহণ করেন।’

গত ২৫ সেপ্টেম্বর লাল শাড়ি ছবির মহরতে অপু জানিয়েছিলেন। মায়ের ইচ্ছা পূরণ করতেই মূলত প্রযোজনায় আসা এই ঢালিউড কুইনের। লাল শাড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবি। হারানো ঐতিহ্য তাঁতশিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে চেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *