Home ফিচার দেশে পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ

দেশে পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ

0
150

সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন খান দুলু ওরফে ফারুকের মরদেহ।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এদিন সকাল ১১টায় নায়ক ফারুকের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সেখান থেকে সাড়ে ১২টায় এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদ যোহর এফডিসিতে জানাজার পর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে অভিনেতার জন্মস্থান কালীগঞ্জে। সেখানেই পারিবারিক কবরস্থানে ফারুকের মরদেহ দাফন করা হবে।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান জানান, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here