তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে হামলা ও গুড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ভূঞাপুর প্রেসক্লাব। শুক্রবার (৫ মে) বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় সাংবাদিকরা বলেন, গত ১ লা মে হঠাৎ করেই সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষনা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য, ভূঞাপুর সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজহার। তার সাথে একমত পোষন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র, এবং সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান। এতে জনমনে ক্ষোভের জন্ম নেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করলে শ্রমিক নেতা আজহারুল ইসলাম আজহার ও খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে শ্রমিকরা ভূঞাপুর প্রেসক্লাব ভেঙ্গে ফেলার হুমকি দেয় এবং সময়ের আলো পত্রিকার ভূঞাপুর প্রতিনিধির উপর আক্রমন করে। এ সময় তারা ভূঞাপুর প্রেসক্লাব ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান করে।
ঘটনার প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাব গতকাল ৪ মে (বুধবার) ভূঞাপুর থানায় একটি অভিযোগ করে ।
ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য আমাদের নতুন সময়ের প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আরিফুজ্জামান তপুসহ ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, চাঁদাবাজির অভিযোগ দায়ের করে আজহারুল ইসলাম আজহার।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতার না করলে বৃহত কর্মসূচি ঘোষনা করা হবে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি এরিয়ে যান।
এসএইচ
