শাহরুখ খান ১ পেলে শাকিব পাবে ৯৯: ঝন্টু

‘আমাদের দেশের শাকিব খানের সঙ্গে শাহরুখ খান মাইনাস। আমাদের দেশের দর্শকের কাছে শাহরুখ ১ পেলে শাকিব পাবে ৯৯।’

সম্প্রতি রাজধানীর পান্থপথের বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি দেখা শেষে সাংবাদিকদের এমনটাই বললেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

ঈদে দেশের ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে ৫ মে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের ‘পাঠান’ সিনেমাট মুক্তি পাবে। এই মুহূর্তে এদেশে ‘পাঠান’ মুক্তি পেলে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যবসায়িক লোকসান হবে কিনা?

উত্তরে ঝন্টু বলেন, ‘বলিউডের সিনেমা এই দেশের গ্রাম-বাংলার মানুষ দেখবে না। শহরের স্কুল-কলেজের কিছু ছেলেরা আছে শাহরুখ খানের সিনেমা দেখতে আগ্রহী হবে। কিন্তু রিকশাওয়ালা, মাছওয়ালা, গার্মেন্টেসের ছেলে-মেয়েরা শাহরুখ খানকে চিনে না। গ্রাম বাংলা যারা বাংলা ছবি দেখে তারা শাহরুখ খানকে চেনে না। আমাদের দেশের শাকিবের কাছে শাহরুখ খান তো মাইনাস। আমাদের দেশের দর্শকের কাছে শাহরুখ ১ পেলে শাকিব পাবে ৯৯।’

ঝন্টু বলেন, ‘মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে। আজকাল কার ছেলেমেয়েরা অনেক বেশি বুঝে। আমরা ছোটবেলার সিনেমা দেখে যা বুঝতাম এখনকার জেনারেশন তার থেকে ভালো বুঝে। এজন্য এখন তাদের রুচি অনুযায়ী কনটেন্ট বানানো উচিত।’

‘লিডার, আমি বাংলাদেশ’ প্রসঙ্গে ঝন্টু বলেন, ‘শাকিবকে এতদিন দর্শক যে ধরনের সিনেমায় দেখে এসেছে সেই সিনেমা এটা নয়। সেগুলো থেকে এই সিনেমা ভিন্ন। সুন্দর রুচির একটি সিনেমা এটি।’

বিদেশি সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, পাঠানের সময় আমি একা প্রতিবাদ করেছিলাম। মুক্তি বন্ধ হয়েছিল। পরে সরকারিভাবে সেটার অনুমোদন হয়েছে, সে সময় চলচ্চিত্রের অনেকেই বলেছে দর্শক বাড়বে।

ঝন্টু আরও বলেন, দর্শক হয়তো বাড়বে, কিন্তু সেটা বিদেশি সিনেমার জন্য। দেশীয় সিনেমার জন্য নয়। এখন পাঠান, পরে আরও অনেকের সিনেমাই দেখতে চাইবে। সেটা তো আমাদের চলচ্চিত্রের জন্য প্লাস না মাইনাস। তারা কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, আমরা বানাই লাখ টাকা ব্যয়ে। তাদের কোটি টাকার সঙ্গে আমরা কম্পিটিশন করব কীভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *