মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেছেন, সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, ‘প্রবিন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। ইতিমধ্যে ৮টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যদি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেত।’
তিনি আরও বলেন, ‘অটিজম শিশু জন্মগ্রহণ করলে বাবা মাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা করাতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে। সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে। এরপর ফিরোজা আমু প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ
