ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
গতকাল শনিবার (০২ এপ্রিল) বিকেলে সেখানে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। আলোচনা শেষে হিরো আলমকে ইফতার সামগ্রী উপহার দেন ডিবির হারুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম নিজেই। ভিডিওতে দেখা যায়, ডিএমপির ডিবি প্রধানের থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন হিরো আলম।
হলুদ রঙের একটি প্যাকেট হাতে নিয়ে মিডিয়ার উদ্দেশে আলম বলেন, ‘ডিবির হারুন স্যার আমাকে ভালোবেসে কিছু ইফতার গিফট করেছেন। খেজুরসহ অনেক খাবার দিয়েছেন। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। স্যারের কাছে নিম্ন শ্রেণি থেকে উচ্চ শ্রেণি, যেই আসুক সহযোগিতা পাবেন।’
হিরো আলম আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য, প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে জানাতে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখেছেন, চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছেন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিছু চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম।
এছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কনটেন্ট কিছু ব্যক্তি নিজের কনটেন্ট বলে লাইসেন্স করে নিয়েছেন। তারা এখন আমার চ্যানেলে স্ট্রাইক দিচ্ছেন, রিপোর্ট করছেন। সব মিলিয়ে আমি নিজেই এখানে এসেছিলাম।’
কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে। এছাড়া আমার কনটেন্টে যারা রিপোর্ট করেছেন, তাদের নামও আছে।’ তবে কারও নাম উল্লেখ করতে চাননি তিনি।
