আজীবন ভালোবাসা পেতে চান শাকিব খান

একাধিক বার প্রেম-ভালোবাসা এসেছে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের জীবনে। করেছেন একাধিক বিয়ে। কিন্তু সেই প্রেম-ভালোবাসা, সেই সংসার ধরে রাখতে পারেননি বাংলাদেশি কিং খান। অবশেষে তিনি জানালেন, কাদের ভালোবাসা সঙ্গে নিয়ে তিনি বাকি জীবন পার করতে চান।

মঙ্গলবার ছিল শাকিব খানের ৪৫তম জন্মদিন। এদিন প্রিয় তারকাকে শুভেচ্ছা জানান তার অসংখ্য ভক্ত। সেই ভক্তদের ভালোবাসা আর দোয়া নিয়েই বাকি জীবনটা পার করতে চান ঢালিউড সুপারস্টার। বুধবার দুপুর দেড়টার দিকে নিজের একটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন তিনি।

ওই ছবিতে দেখা যায়, নিজের অফিসে ক্যামেরার দিকে পোজ দিয়ে হাসি মুখে বসে আছেন শাকিব খান। তার সামনে থাকা টেবিলে সাজানো কয়েকটি ফুলের তোড়া, যা তিনি জন্মদিনে কাছের মানুষদের থেকে শুভেচ্ছা হিসেবে পেয়েছেন।

পোস্টের ক্যাপশনে কিং খান লিখেছেন, ‘সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী।’

এরপর তিনি লেখেন, ‘আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।’

মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি ছবি। এতে তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তপু খান। রোজার ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। খবরটি এর আগে শাকিব নিজেই জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *