চলতি মাসের শুরুর দিকে তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান জানান, তিনি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। নিয়মিত চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ তিনি। তবে সুস্থ হলেও পুরো রমজান মাস সব রকমের গান বাজনা থেকে দূরে থাকবেন বলে জানালেন এই গায়ক।
রমজান মাসের প্রথমদিনে শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। তিনি লেখেন, ‘ছোটবেলায় আমি মাদরাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে শিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়।
‘গত কয়েকবছরে অসুস্থতা এবং নানাবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি। পুরো রোজার মাস জুড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!’
গত ৫ মার্চ হঠাৎ করে এক ফেসবুক স্ট্যাটাসে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবর জানান তাসরিফ। সেই পোস্টের মন্তব্যে অসংখ্য নেটিজেন তার সুস্থতা কামনা করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন।
সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ। তবে তিনি ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করে।
ওই সময় ফেসবুক লাইভ করে কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বইও লিখেছেন তরুণ এই সংগীতশিল্পী।
