আশা করছি আদালতে আমি ন্যায় বিচার পাব: শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) সাড়ে ১১ টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এ আরফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন।

মামলায় শাকিব খান উল্লেখ করেন, তার কাছে একলাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ৩৮৫ ও ৫০৬ ধারায় এই মামলা করা হয়। শাকিবের পক্ষে আইনজীবী খায়রুল হাসান।

আদালত থেকে বের হয়ে শাকিব খান জানিয়েছেন, আদালত তার করা মামলাটি আমলে নিয়েছেন।

তিনি বলেন, থানা থেকে যে পরামর্শ দিয়েছিল, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি। দুয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।

শাকিব খান আশা প্রকাশ করে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করছি আদালতে আমি ন্যায়বিচার পাব।

এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে শাকিব বলেন, ২০১৬ সালে আমি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যাই। সেখানে আমার বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। অস্ট্রেলিয়ায় পুলিশের কাছে এ বিষয় কোনো অভিযোন নেই। সেখানে যে নায়িকার সঙ্গে আমার অভিনয় করার কথা তিনিও কোনো অভিযোগ দেননি।

জবানবন্দিতে শাকিব আরও বলেন, ছবির বিষয়ে জানে আলমের সঙ্গে আমার যোগাযোগ হয়। রহমত উল্লাহ কোনো প্রযোজকই না। তিনি আমার কাছে আরও এক লাখ ডলার দাবি করেছেন। তিনি আমাকে হুমকিও দেন। এ ধরনের আচরণ করে তিনি পার পেয়ে গেলে ভবিষ্যতে আমার মতো আরও অনেকে ভুক্তভোগী হবেন।

এদিন রহমত উল্লার বিরুদ্ধে মামলা করতে বেলা সোয়া ১১টার দিকে আদালতে আসেন খান। এরপর তিনি আদালতে জবানবন্দি দেন। এসময় তার চোখে কালো চশমা, মাথায় ক্যাপ, গায়ে সাদা টি-শার্ট ও জিন্স পেন্ট ছিল।

এদিন শাকিবের আইনজীবী মিজানুর রহমান মামুন আসামি রহমত উল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চান আইনজীবীদের কাছে। আইনজীবী তাৎক্ষণিক কাগজ দিতে না পারায় আদালত মামলা আমলে নিয়ে আসামিকে আগামী ২৬ এপ্রিল হাজির হতে সমন জারি করেন।

এরপর শাকিব খান একই ঘটনায় মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে যান। ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত মামলা করতে শাকিব খানকে আগামী সোমবার (২৭ মার্চ) আদালতে আসতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *