ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বাসন মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, মামলার আসামি হওয়ায় যে কোনো সময় মাহিয়া মাহি ও তার স্বামী গ্রেফতার হতে পারে। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
এছাড়া ভূমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীকে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
এদিকে মামলা হওয়ার পর শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এক ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মাহিয়া মাহি। লাইভে মাহি বলেন, ‘আমার কথা হচ্ছে, পুলিশ কি কোনো একটা জায়গায় গিয়ে এভাবে কোনো জায়গা দখল করতে পারে বা সবাইকে বের করে দিতে পারে। পুলিশ কি কখনো আমার গাড়ির শো রুমের সিকিউরিটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেপ্তার করতে পারে। কোনো রকমের কোনো মামলা ছাড়া, কোনো কিছু ছাড়া। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ আমাদের অ্যারেস্ট করবে।
‘আমাদের যে শো রুম প্রশ্নবিদ্ধ, যে শো রুম নিয়ে এতো কথা হচ্ছে গাজীপুরের পুলিশ, তাহলে তারা কেন এই শো রুমের আশেপাশে গিয়ে আমাদের লোকজনকে ধরে ফেলতেছে। সবাইকে ধরপাকড় করতেছে, যেটা আমরা আশঙ্কা করেছি, জিডি করেছি যে-আমাদের প্রথমে এরকম করা হবে, এরকম ধরপাকড় চলছে।’
নিজেও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তবা আমরা অ্যারেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব। আপনারা সবাই, যত সাংবাদিক ভাইয়েরা আছেন আমার তরফ থেকে বলতে চাই- পুলিশ কেন, জায়গা জমির বিষয়ে হস্তক্ষেপ করবে। এই মুহূর্তেও তারা আমাদের গাড়ির শো রুমের ভেতরে ঢুকে আমাদের লোকজনকে ধরে নিয়ে গেল।’
মাহি আরও বলেন, ‘যদি আমি লাইভ করে থাকি অথবা আমি কোনো অন্যায় করে থাকি বা আমার স্বামী অন্যায় করে থাকে আমাদের শাস্তি হবে, কিন্তু কেন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে? এটা লাস্ট আপডেট। আমি সবাইকে আপডেট দিয়ে রাখছি, কারণ আমি জানিনা, আমার ফ্লাইট একটু পরে, সকালে বাংলাদেশে নামব। জানিনা আমাদের অবস্থা কি হবে। হতে পারে আমাদের অ্যারেস্ট করতে পারে। আপনারা সবাই সত্যের সঙ্গে থাকবে।’
