চিত্রনায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে গাজীপুরে দুই মামলা

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং জমি দখলের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই রোকন মিয়া। অপর মামলায় জমি দখলের অভিযোগে তাদের হুকুমের আসামি করা হয়েছে; যেটির বাদী স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এ বিষয়ে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, ‘ফেসবুকে পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে মাহি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছে। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। আজ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।’

পুলিশ কমিশনারের ভাষ্যে, শুক্রবার (১৭ মার্চ) ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে, শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টাও করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নতুন কিছু গাড়ি রকিব সরকারের লোকজন ওই শো-রুমে উঠাতে থাকে।

ওই জমি রকিব সরকারের নয় দাবি করে ইসমাইল বলেছেন, ‘খবর পেয়ে সেখানে কয়েকজনকে নিয়ে তিনি হাজির হন। এ সময় দেশীয় অস্ত্রসহ রকিব সরকারের লোকজন তাদের ওপর হামলা চালায়। মূলত তারা নিজেরাই নিজেদের শো-রুম ভাঙচুর করেছে। এ ঘটনায় ইসমাইলসহ ৬ জন আহত হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে রাকিব সরকার এক কোটি টাকা দাবি করেছিলেন। যেখানে এক কোটি টাকা দিলে সমস্যা সমাধান হয়, সেখানে কেন আমি পুলিশকে দেড় কোটি টাকা দেব? পুলিশ আমার পক্ষে থাকলে আজ কেন আমি মার খেলাম? কেন মুক্তিযুদ্ধমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দিলাম? মেট্রোপলিটন পুলিশকে প্রশ্নবিদ্ধ করার জন্যই রকিব তার স্ত্রী চিত্রনায়িকা মাহিকে ব্যবহার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *