শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেলেন জ্যোতিকা জ্যোতি

বাংলাদেশ শিল্পকলা একডেমির পরিচালক পদে দায়িত্ব পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়মমাফিক শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকেন একজন। তার সঙ্গে থাকেন চারজন পরিচালক। তাদেরই একজন হলেন ‘মায়া – দ্য লস্ট মাদার’ খ্যাত এ অভিনেত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে জ্যোতিকা পাল জ্যোতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‌‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী সময়ে তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ এবং আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’। ২০১০ সালের শুরুর দিকে তিনি এ সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা ১০-এ স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *