রোশান-ববির ‘পাপ’ নিয়ে সুখবর দিলেন আব্দুল আজিজ

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘পাপ’ এর শুটিং অনেক আগেই সম্পন্ন হয়। সৈকত নাসিরের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

আজ রোববার (৫ মার্চ) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

নিজের ফেসবুকে এ প্রসঙ্গে আজিজ লিখেছেন, “সিনেমা: ‘পাপ’ (প্রথম চাল) সেন্সর বোর্ডের সকল সম্মানিত সদস্যগণের ভূয়সী প্রশংসাসহ আজ ‘পাপ’ (প্রথম চাল) -এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেলাম।”

এরপর ছবিটির মুক্তি প্রসঙ্গে তিনি লেখেন, ‘সিনেমাটি খুব ভালো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া পবিত্র রোজার ঈদ, ২০২৩-এ মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’

‘পাপ’ সিনেমায় রোশানকে দেখা গেছে ভিন্ন এক লুকে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ববি। রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া মাহা,আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে।

জাজ মাল্টিমিডিয়া ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করেছিল। পথচলার পরতে পরতে তারা নিজেদের প্রমাণ করেছে। সংস্থাটির হাত ধরে ঢালিউডে যেমন জায়গা করে নিয়েছেন একাধিক অভিনয়শিল্পী, তেমনই ঢাকাই সিনেমা পেয়েছে বেশকিছু ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্র।

এদিকে বেশকিছুদিন হলো সংস্থাটি এক প্রকার নীরব ছিল। নতুন চলচ্চিত্র নির্মাণে তাদের সেই স্বভাবসুলভ উদ্যোম দেখা যায়নি। লম্বা সময় মুক্তি পায়নি তাদের কোনো সিনেমা। ধারণা করা হচ্ছে, ঈদে ‘পাপ’ মুক্তির মাধ্যমে বিরতি ভাঙবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *