চিঠি নিয়ে শঙ্কা নেই, বইমেলার নিরাপত্তা জোরদার

জঙ্গি হামলার হুমকি পেয়ে শাহবাগ থানায় বাংলা একাডেমির জিডির পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে ‍দিয়ে পুলিশ সবাইকে অভয় দিয়ে বইমেলায় আসার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডগ স্কোয়াড নিয়ে মেলা প্রাঙ্গণে বিশেষ অভিযান চালায় পুলিশ। পরে মেলার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বইমেলায় যারা আসতে চান, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এখন পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মো. শহীদুল্লাহ বলেন, বোমা হামলার চিঠি নিয়ে ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জিডির কপি র‌্যাব ও সিটিটিসির কাছে পৌঁছেছে। এ বিষয়ে তারা তদন্ত করছে।

জঙ্গি হামলার চিঠির বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, চিঠির বিষয়টি মাথায় রেখে ছুটির দিনে বই মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের চিঠি আগেও আমরা পেয়েছি। তাই এই চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এ বিষয়ে এর আগে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গি হামলার নজির নেই। দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। তবুও একটি চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা কাজ করছি।

বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *