‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বছরে ৮০০ কোটি টাকা লাগবে’

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতিবছর ৮০০ কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে আর্থিক সংশ্লেষ আছে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতিবছর ৮০০ কোটি টাকা খরচ করতে হবে। আমাদের বিবেচনা করতে হবে এত টাকা খরচ করা যুক্তিসংগত হবে কি না। তবে এই সক্ষমতা একদিন বাংলাদেশেরও তৈরি হবে। এই মুহূর্তে এটার পক্ষে বেশি মতামত আসবে না। যদিও আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সবই আছে।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি জুগিয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দাবি ওঠে। পরে ১৯৯৯ সালে ইউনেসকোতে প্রস্তাব তোলার পর এর স্বীকৃতি দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা সর্বস্তরে বাংলা ভাষা চালুর উদ্যোগ নিয়েছি। আমরা সকলের ভাষার প্রতি শ্রদ্ধাশীল, এমনকি ক্ষুদ্র জাতিসত্তার ভাষার প্রতিও আমরা সমানভাবে শ্রদ্ধাশীল।’

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, আমরা আবারও দাবি জানাব, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *