শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি, শান্ত খান ও নিশাত সালওয়া অভিনীত নতুন ছবি ‘বুবুজান’। শামীম আহমেদ রনীর পরিচালনায় ২১টি সিনেমা হলে চলছে ভাই ও বোনের সম্পর্কের গল্পে নির্মিত এ ছবি। সেই সঙ্গে আছে নারী নির্যাতনের প্রেক্ষাপট।
ঢাকার শ্যামলী, বিডিআর, গীত সংগীত, চিত্রামহল, সৈনিক ক্লাব, যশোরের মনিহার, চট্টগ্রামের সিনেমা প্যালেস, বরিশালের অভিরুচিসহ মোট ২১ সিনেমা চলছে বুবুজান।
এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, এই ছবির গল্প দারুণ। ভাই-বোনের দারুণ এক গল্প তুলে ধরেছেন নির্মাতা। এতে আমি বুবুর ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটিও বেশ। এই চরিত্রে দর্শকরা আমাকে দেখে অবকই হচ্ছেন। এই ধরণের গল্পে আগে অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা বুবুজান। ছবিটি দেখার পর দর্শকরা একটা ভালো অনুভূতি নিয়ে বাসায় ফিরতে পারছেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে।
এতে আপনার চরিত্রটি কেমন?, জানতে চাইলে মাহি বলেন, ছবিটি মূলত বুবুজানকে ঘিরেই। এই বুবুজানই হচ্ছি আমি। এতে আমার ছোট ভাই শান্ত খান। এই ছবির নায়ক বলতে সেই। বুবুজান বলতে সে পাগল।
বলা হচ্ছে ছবিটি নায়ক মান্না অভিনীত আম্মাজানের মতো? মাহি বলেন, যারা বলছেন তারা ভুল বলছেন। হতে পারে নামের একটা মিলের কারণে এমন চিন্তা বা বলা। আম্মাজানে মান্না ভাই তার আম্মাজানে জন্য পাগল আর এতে শান্ত তার বুবুর জন্য পাগল। সে দিক থেকে অনেকেই আম্মাজান ছবির ছায়া দেখতে পারেন। কিন্তু আম্মাজান ছবির সঙ্গে গল্পের কোনো মিল নেই, মিল নেই শিল্পীর, নির্মাতার। সব দিক থেকেই আলাদা।
