ভালোবাসা দিবসে স্ত্রীর কাছে যে আবদার করলেন পলাশ

ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। তবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’-এর দিনে সবাই নানাভাবে ভালোবাসা প্রকাশ করেন প্রিয়জনের কাছে। এই বিশেষ দিনে স্ত্রী নাফিসা উমান মেহনাজের কাছে দুটি আবদার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আবদারের কথা জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ খ্যাত পলাশ। অভিনেতা বলেন, ‘এই বিশেষ দিনে স্ত্রীর কাছে শুধু দুটি চাওয়া আমার। সেটা হচ্ছে- আমি খুবই সাধারণ একজন মানুষের প্রেমে পড়েছিলাম, তাই সবসময় সেরকম সাধারণই সে থাকুক। আর যে আবেগ ও আমাকে দিয়েছে, এই মায়াময় আবেগটা সারাজীবন আমাদের মাঝে বিদ্যমান থাকুক। স্ত্রীর কাছে এ ছাড়া আর কোনো চাওয়া নেই।’

অভিনেতা পলাশের জনপ্রিয়তা ও ব্যস্ততা কীভাবে মানিয়ে নেন জানতে চাইলে পলাশ বলেন, ‘বিশেষ দিনগুলোতে তারকা হিসেবে আমার শুটিং থাকে, বিভিন্ন অনুষ্ঠানের ব্যস্ততা থাকে। এই বিষয়গুলোও ধীরে ধীরে মানিয়ে নিয়েছে নাফিসা। আসলে একজন তারকার জীবনসঙ্গী যদি উদার মানসিকতার না হয়, তাহলে দুজনের মধ্যে সম্পর্কটা টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পরে। তাই ছাড় দেওয়ার মানসিকতা অবশ্যই তার মধ্যে থাকতে হবে।’

পলাশ আরও বলেন, ‘এতদিনে ও আমার সঙ্গে চলতে চলতে মানসিকতা বুঝে ফেলেছে। তাছাড়া আমার অভিনয় জীবন নিয়ে কোনো মাথাব্যথা নেই ওর। কাবিলা আসলে কতটা জনপ্রিয় বা কেমন, এসব নিয়ে কখনও ভাবে না আমার স্ত্রী। ও একদমই সাংসারিক জগতের মানুষ। তবে আমার ব্যক্তিসত্তাকে ভীষণ ভালোবাসে নাফিসা।’

প্রসঙ্গত, ২০২২ সালের শেষ দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ-নাফিসা। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অভিনেতার স্ত্রী।

উল্লেখ্য, পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *