Home আলোচিত সুখবর দিলেন আসিফ

সুখবর দিলেন আসিফ

0
284

প্রায় দুই যুগ ধরে দেশের সংগীতাঙ্গনে রাজত্ব করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সংগীতের বাইরেও নানান কারণে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি। আসিফের সংগীতজগতের আনুষ্ঠানিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০১ সালের ২৯ জানুয়ারি।

ওই দিন দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে এসেছিল সাউন্ডটেকের ব্যানারে। সে সময় অ্যালবামটির ৬০ লাখ কপি বিক্রি হয় এবং বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামটিতে মোট ১২টি গান আছে। প্রতিটির কথা ও সুর করেছেন ইথুন বাবু।

সেই অ্যালবামের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি আসিফকে। অডিও, সিনেমা ও কনসার্ট—সবখানেই তার ভরাট কণ্ঠ মুগ্ধতা ছড়িয়েছে। উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান।

দুই যুগ ছুঁইছুঁই ক্যারিয়ার আসিফের। এখনও গান করে যাচ্ছেন নিয়মিত। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তিনি গেয়েছেন নতুন গান। এর শিরোনাম ‘শূন্যতা’। স্যাড রোমান্টিক আমেজের গানটি প্রকাশ হচ্ছে আজ। শিল্পীর নিজ নামের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে ভিডিও আকারে।

আসিফ আকবর বলেন, ভালোবাসা দিবস গান প্রকাশের চমৎকার উপলক্ষ। ভালো লাগছে আমিও একটি গান নিয়ে হাজির হতে পারছি। ভালোবাসার গান ‘শূন্যতা’। শ্রোতাদের ভালো লাগবে আশা করি। গানের কথা ও সুরে আবেদন আছে। ভালোবাসা অবিরাম।

গানটির কথা লিখেছেন সোহম মজুমদার। এর সুর করেছেন সৈয়দ অমী। এহতেশাম লেনিনের আয়োজন ‘শূন্যতা’ গানের সাউন্ড ডিজাইন করেছেন আহমেদ হুমায়ূন।

গানের জন্য ভিডিও নির্মাণ করেছেন এমডি ইয়াসির আরাফাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here