বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বলা হয় নোরা ফাতেহিকে। গত ৬ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দিলেন নোরা। দুবাইয়ের ইয়টে বন্ধুদের সঙ্গে পার্টি করে দিনটি উদযাপন করলেন বলিউডের এই ‘আইটেম গার্ল’।
কেমন করে এই জন্মদিনটা কাটালেন নোরা? ইনস্টাগ্রামে সেই ঝলকও শেয়ার করেছেন অভিনেত্রী।
জন্মদিনে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন নোরা। বান্ধবীদের সঙ্গে উদ্দাম নাচে মত্ত অভিনেত্রী। কোমর দুলিয়ে দুলিয়ে বেলি ড্যান্স করছেন তিনি। সামনে রাখা জন্মদিনের কেক এবং ফুলের তোড়া। ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মনোযোগ আমাকেই দিয়েছে’।
বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিনটি রঙিন করলেন অভিনেত্রী। বেলি ড্যান্সে মগ্ন হতে দেখা গিয়েছে বার্থ ডে গার্লকে। নোরা ভিডিয়োটি শেয়ার করতেই কমেন্টে জন্মদিনের শুভেচ্ছার বন্যা। নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন তার পোস্টে।
বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা। নাচ দিয়েই ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন এই মডেল-নৃত্যশিল্পী। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি কম নয়। যদিও বর্তমানে খুব একটা ভালো কাটছে না নোরা ফাতেহির। ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। সুকেশ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নাম জড়িয়েছে তার।





