ঢালিউড অভিনেতা জিয়াউল রোশান বয়সে বড়দের সম্মান প্রদর্শনে কখনও কার্পণ্য করেন না। এবার এই সম্মান দেখাতে গিয়েই পড়লেন বিড়ম্বনায়। সম্প্রতি সিনিয়র এক অভিনেত্রীকে ‘মা’ বলে সম্বোধন করে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। পরে তাকে আপু বলে সম্বোধন করে মানে মানে কেটে পড়েন রোশান। বিষয়টি সামাজিক মাধ্যমে এ অভিনেতা নিজেই জানিয়েছেন।
আজ রোববার নিজের ফেসবুকে রোশান লিখেছেন, ‘সবাই মা হতে চান না! ধারণা আমার পাল্টে গেছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন।’
পোস্টে রোশান লিখেন, ‘আমি বরাবরই সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের অনেক সম্মান করি। হয়তো স্যার-ম্যাডাম অথবা মা-বাবা বলে সম্বোধন করি। সিনিয়রদের অধিকাংশই যেহেতু আমাদের বাবা-মায়ের ক্যারেক্টরও প্লে করেন। তাই আমরা তাদের মা-বাবা বলে ডাকলে খুব খুশি হন, যেটা আমারও ভালোলাগে।’
কিন্তু একবার কোন এক সিনিয়র অভিনেত্রীকে মা ডেকে হযবরল অবস্থায় পড়তে হয়েছিল রোশানকে। সেই অভিনেত্রীর নাম উল্লেখ না করে রোশান পোস্ট লিখেছেন, ‘একবার একটি বিরল সমস্যায় পড়ে গিয়েছিলাম। মায়ের বয়সী এক অভিনেত্রীকে ভালোবেসে মা বলে ডেকেছিলাম। ‘কেমন আছেন মা’। কারণ, আমার মা থেকে তিনি বয়সে ছোট হবেন না।’
তৎক্ষনাৎ আমি বুঝতে পারলাম এই মা শব্দটি তার চেহারাকে কালো মেঘ বানিয়ে দিয়েছে। মা শব্দটি যে মোটেও পছন্দ হইনি তাহা উনার এক্সপ্রেসনে বুঝতে আমার একটুও কষ্ট হয়নি। আমি তাকে আপু বলে দ্রুত জায়গা ত্যাগ করেছিলাম। অবশ্যই সন্মানের কারণে।’
